বিজেপি প্রার্থীকে গুলি করার অভিযোগে গ্রেফতার ৬ দুষ্কৃতী - The News Lion

বিজেপি প্রার্থীকে গুলি করার অভিযোগে গ্রেফতার ৬ দুষ্কৃতী

 


দি নিউজ লায়ন;   মালদা বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে গুলি করার অভিযোগে ছয় জন দুষ্কৃতীকে গ্রেফতার করলো পুরাতন মালদা থানার পুলিশ। ধৃতদের মধ্যে একজন বিজেপি দলের স্থানীয় এক নেতার ভাইপো রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরেই যে দলীয় প্রার্থীকে গুলি করা হয়েছে, এই দাবি প্রথম থেকেই করে আসছিল জেলা তৃণমূল নেতৃত্ব । আর সেই বিষয়টি এখন প্রকাশ্যে চলে এসেছে। যার ফলে চরম অস্বস্তিতে পড়েছে জেলা বিজেপি নেতৃত্ব । এদিকে বৃহস্পতিবার গভীর রাতে পৃথক কয়েকটি এলাকা থেকে বিজেপি প্রার্থীকে গুলি কাণ্ডের ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ ।


 শুক্রবার ধৃতদের মালদা আদালতের মাধ্যমে জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানিয়েছে পুরাতন মালদা থানার পুলিশ।  তবে এই ঘটনার পিছনে আরও কেউ জড়িত রয়েছে কিনা সেটিও তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম বিট্টু চৌধুরী (২০), আকাশ মণ্ডল (১৯), অর্জুন ঘোষ (৪৩), বিকাশ হালদার (২১), সুমন ঘোষ (২১) এবং সায়ন সাহা (১৯)। এদের বাড়ি পুরাতন মালদা এবং ইংরেজবাজার থানা এলাকায়। ধৃতদের মধ্যে আকাশ মন্ডল নামে এক অভিযুক্ত সাহাপুর গ্রাম পঞ্চায়েত এলাকার এক বিজেপি নেতার ভাইপো।  এছাড়াও প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে বিট্টু চৌধুরী নামে ওই অভিযুক্ত এদিন গুলি চালিয়েছিল । 


ঘটনার পর থেকে ওই অভিযুক্ত বিহারে আত্মগোপন করে ছিল। বিভিন্ন সূত্র ধরে তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে। এরপর তদন্ত চালিয়ে একে একে ছয়জনকে এই গুলিকাণ্ডের ঘটনায় গ্রেফতার করা হয়েছে। এদিকে মালদা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গুলিবিদ্ধ হওয়ার ঘটনাটি নিয়ে দলের গোষ্ঠী কোন্দল রয়েছে বলে তৃণমূল নেতৃত্ব দাবি করে আসছিল। ওই কেন্দ্রের তৃণমূল প্রার্থী উজ্জ্বল চৌধুরী জানিয়েছেন, আমরা প্রথম থেকে বলে আসছিলাম বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে এই ঘটনাটি ঘটেছে। এটা এখন প্রমাণ হয়ে গিয়েছে। কারণ, এই ঘটনায় পুলিশ এলাকারই এক বিজেপি নেতার ভাইপোকে গ্রেপ্তার করেছে । এই কেন্দ্রের প্রার্থী নিয়ে বিজেপির দুটি গোষ্ঠীর মধ্যে বেশ কিছুদিন ধরে গোলমাল চলছিল । তারই জেরে হয়তো এই ঘটনাটি ঘটেছে। আর বিজেপি নেতারা তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলেছিলো। কিন্তু এদিন ছয়জন দুষ্কৃতী গ্রেপ্তারের ঘটনায় বিষয়টি পরিস্কার হয়ে গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.